১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খাতা পুনর্নিরীক্ষণ: দাখিলে ফেল করা ১৬ শিক্ষার্থী পেলেন জিপিএ-৫

জুলাই মাসে প্রকাশিত দাখিলের ফলাফলে ‘ফেল’ দেখানো হয়েছিল–এমন ৯৯১ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে পাস করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

চলতি বছরের দাখিল পরীক্ষার ফেল করা ১৬ শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন। 

জুলাই মাসে প্রকাশিত ফলাফলে ‘ফেল’ দেখানো হয়েছিল–এমন ৯৯১ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৯ জন।

রোববার দাখিলের খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ৩২ হাজার ৬০৫ জন পরীক্ষার্থী ৬০ হাজার ৯৩০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাদের মধ্যে মোট ১ হাজার ৯১২ জনের ফল পরিবর্তন হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করছে। আর শিক্ষার্থীরা যে মোবাইল ফোন নম্বর দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, সেই নম্বরে এসএমএস পাঠিয়ে পরিবর্তিত ফল জানানো হচ্ছে।

গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়, ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। 

তাদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইলের মাধ্যমে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে।

খাতা পুনর্নিরীক্ষণের সময় শিক্ষা বোর্ডগুলো নতুন করে খাতা মূল্যায়ন করে না, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আবার যোগ করে দেখা হয়।