Published : 04 Nov 2025, 09:17 AM
পুষ্টি, স্বাস্থ্য এবং ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) খাতে বহুপাক্ষিক সহযোগিতামূলক উদ্যোগ ‘রাইট টু গ্রোয়ের’ জাতীয় সমাপনী অনুষ্ঠান হয়ে গেল।
সোমবার ঢাকার একটি হোটেলে রাইট টু গ্রো কান্ট্রি কনসোর্টিয়ামের তরফে ‘ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ’ এ অনুষ্ঠান আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বলা হয়, ওয়াশ ও পুষ্টি সেবা টেকসইভাবে সম্প্রসারণ ও শক্তিশালীকরণের জন্য বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। রাইট টু গ্রো কর্মসূচি বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রাইট টু গ্রো কান্ট্রি স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ টি এম তারিকুল ইসলাম বলেন, “রাইট টু গ্রো দেখিয়েছে যে— সরকার, সিভিল সোসাইটি এবং স্থানীয় কমিউনিটি একসাথে কাজ করলে শিশু ও মাতৃ পুষ্টি, স্বাস্থ্য এবং স্যানিটেশন উন্নয়নে টেকসই পরিবর্তন সম্ভব।”
দিনব্যাপী এ আয়োজনের প্রথম পর্বে রাইট টু গ্রো প্রোগ্রামের যাত্রা, অর্জন ও শিক্ষণের বিষয়ে তুলে ধরেন ‘রাইট টু গ্রোয়ের’ কনসোর্টিয়াম টিম লিড ইকবাল আজাদ। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিস এক্সেলেন্সি জোরিস ভ্যান বোমেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাইট টু গ্রো কনসোর্টিয়াম ও কান্ট্রি ডিরেক্টরের গ্লোবাল লিড আনেলিস কানিস, নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনি, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের মহাপরিচালক মো. রিজওয়ানুর রহমান।