২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিরোধীদের নিয়ে সংবিধান সংশোধনের তাগিদ সম্পাদকদের, জানুয়ারিতে বিলের আশা

আলোচনার বাইরে কারও লিখিত প্রস্তাব থাকলে তা কমিটিতে পাঠাতেও বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:37 PM

Updated : 27 Sep 2026, 09:37 PM

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলকে যুক্ত করে যতটা সম্ভব ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

তাদের মতামত শোনার পর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল এলে তাদের স্বাগত জানানো হবে। কমিটি ডিসেম্বরে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছে; এর ভিত্তিতে আগামী জানুয়ারিতে সংসদ বিল উত্থাপন করার ব্যাপারে তারা আশাবাদী।

রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সম্পাদক, সাংবাদিক সংগঠন ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।

এর আগে কমিটি জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক ও জোটের সঙ্গে বৈঠক করেছে। প্রথম বৈঠকে কমিটি তাদের কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেছে।

বৈঠকের পর কমিটির সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, সম্পাদকদের অনেকে বিরোধী দলের সদস্যদের এ প্রক্রিয়ায় যুক্ত করার কথা বলেছেন।

তিনি বলেন, কমিটির পক্ষ থেকেও সংসদ অধিবেশন চলাকালে বিরোধী দলকে বারবার যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল আলোচনায় এলে তাদের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গ্রহণযোগ্য বিষয়গুলো সবার মতামতের ভিত্তিতে নেওয়া হবে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত করবে। আলোচনার বাইরে কারো লিখিত প্রস্তাব থাকলে তা কমিটিতে পাঠাতে বলা হয়েছে।

বিস্তারিত আসছে...