১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেলের তারে আটকে ছিল বর্ষবরণের ৩৮ ফানুস

ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়ে বিভিন্ন এলাকায় মেট্রোরেলের তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 04:17 PM

Updated : 01 Jan 2024, 07:12 PM

খ্রিষ্টীয় নতুন বছরকে বরণে ঢাকার বিভিন্ন স্থানে মধ্যরাতে ওড়ানো ফানুস এবারও মেট্রোরেলের তারে আটকেছে। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ সতর্ক থাকায় কোনো সমস্যা হয়নি।

সোমবার মেট্রোরেল পরিচালনকারী ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়েছে। এ সময় বিভিন্ন এলাকায় মেট্রোরেলের তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছে।”

ডিএমটিসিএলের এই কর্মকর্তা জানান, খ্রিষ্টীয় নতুন বছর বরণের উৎসবে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এই শঙ্কা তাদের ছিলই।

“এজন্য পুরো পথকে ছয়টি সেকশনে ভাগ করে পেট্রলিং করা হয়েছে। আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করে আমাদের কর্মীরা। "

নাসির উদ্দিন বলেন, “বৈদ্যুতিক তারে কোনো ধরনের বস্তু বিশেষ করে মেটালিক কিছু থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। স্পার্কিং হলে রেল চলাচল বাধাগ্রস্ত হতো।”

গত বছরও এই উৎসবে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস আটকে যায়। এতে  দুর্ঘটনা এড়াতে গত বছরের প্রথম দিন মেট্রোরেল চলাচল শুরু হয়েছিল দুই ঘণ্টা দেরিতে।

গত ২৮ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ইংরেজি নববর্ষ উদযাপনের সময় মেট্রোরেলের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস ওড়ানো বা আতশবাজি না পোড়াতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

এ বিষয়ে পুলিশের সহায়তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিল ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড।

আরও পড়ুন:

পুরানো খবর:

বর্ষবরণের ফানুস বিদ্যুতের তারে, মেট্রোরেল দুই ঘণ্টা বন্ধ