Published : 24 Oct 2022, 06:01 PM
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তদারকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে।
এছাড়া ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
মনিটরিং সেলের হটলাইন নম্বরগুলো হল-০১৭৬৯০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল’ নামে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। প্রয়োজনে সেলের হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ইহসানুল বলেন, “প্রধানমন্ত্রী মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও অন্যান্য সরকারি দফতরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদেরও শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তার দলের সংসদ সদস্য ও জনপ্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ করে দ্রুত তথ্য জেনে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।“