সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেনাবাহিনী জানিয়েছে, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার তাদের এ সাক্ষাৎ হয় বলে সেনাবাহিনীর ফেইসবুক পেজে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ অবদানের কথা’ বলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের সঙ্গে ‘টাইগার লাইটনিং’ মহড়ায় বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের ‘পেশাদারত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার’ প্রশংসা করেন।
চলতি বছরের জুলাইয়ে সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের যৌথ অংশগ্রহণে ‘টাইগার লাইটনিং-২০২৬’ মহড়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও ওরেগন ন্যাশনাল গার্ডের সদস্যরা তাতে অংশ নেন।
