Published : 08 Apr 2026, 09:25 PM
ত্রয়োদশ সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন বৃহস্পতিবার। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার নির্বাচন ভবনে দুই নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব ঠিক আছে।
“আশা করি যে, আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় পেয়েছি, সেটা থেকে বেশি হবে।”
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন উপ নির্বাচন হচ্ছে।
আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের এখন সাধারণ নির্বাচন হচ্ছে।
সংসদ নির্বাচনের সময় ‘হ্যাঁ’ ভোটের জয় হওয়ায় শেরপুর-৩ আসনে গণভোটের আর প্রয়োজন হচ্ছে না।
বগুড়া-৬
>> এ আসনে প্রার্থী তিনজন। তারা হলেন-বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির মো. আল-আমিন তালুকদার।
>> ভোটকেন্দ্র ১৫০, ভোটকক্ষ ৮৩৫; ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।
>> ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনীর ২৫০ জন মোতায়েন থাকবেন। এছাড়া বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাবের ১০টি টিম (৭০ জন), পুলিশের ১৩২৭ জন ও আনসার-ভিডিপির ১৯৯০ জন সদস্য ভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

শেরপুর-৩
>> এ আসনে প্রার্থী তিনজন। বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।
>> ভোটকেন্দ্র ১২৮, ভোটকক্ষ ৭৫১; ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।
>> ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র্যাবের ১৪ টিম (১৩৫ জন), পুলিশের ১১৫৫ জন ও আনসার-ভিডিপির ১৭০৪ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন দুই আসনের ভোটের সার্বিক তথ্য তুলে ধরে বলেছেন, ভোটকেন্দ্রগুলোতে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ১৮-২০ জন করে নিরাপত্তা সদস্য থাকছেন। নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত থাকবেন ৩৬ জন।
এছাড়া ইসির নিজস্ব পর্যবেক্ষক থাকছেন ১৮ জন করে। স্থানীয় সংস্থার পর্যবেক্ষক থাকবেন চার শতাধিক।
দুই আসনেই পোস্টাল ভোট থাকার তথ্য দিয়ে তিনি বলেন, ভোটে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে রয়েছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে ৫ হাজারের মতো ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
আগের খবর:
শেরপুর উপনির্বাচন: মঙ্গলবার প্রচার শেষ, দ্বারে দ্বারে প্রার্থীরা
বগুড়া-৬ উপনির্বাচন: প্রচারে 'জোর' থাকলেও ভোটারের 'আগ্রহ কম'