Published : 06 Apr 2026, 01:30 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচনি প্রচার মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে। ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রচারকাজ ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে।
সোমবার জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, ও গ্রহণযোগ্য ভোট করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে ২১ জন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার এবং নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ জন। এ ছাড়া আসনে হিজড়া ভোটার রয়েছেন সাতজন।
বিজিবি ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ব্যবস্থাপনায় এর মধ্যে ১৬ প্লাটুন সদস্য চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে নির্বাচনি দায়িত্ব পালন শুরু করেছেন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এখানেও ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ভোটের প্রচারের সময় জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান। এতে এই আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

পরে নতুন তফসিল ঘোষণা করে, ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের সময় দেওয়া হয়।
এই আসনে প্রার্থীরা হলেন- বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।
আরও পড়ুন: