Published : 09 Feb 2026, 01:34 AM
নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী ও আদিবাসীসহ প্রান্তিক মানুষের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ২৭ নাগরিক।
রোববার এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি। এরই মধ্যে প্রত্যন্ত অঞ্চলের জেলাগুলো থেকেই এই ধরনের হুমকি, সহিংসতার আশংকা ও ভয়ভীতি ছড়ানোর খবর বেশি আসছে।
“কোনো কোনো মহল এই ভয়ভীতি ছড়িয়ে তাদের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দিতে প্রধানত ধর্মীয় সংখ্যালঘু, নারী, আদিবাসী, দলিতসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকেই বরাবরের মতো বেছে নিয়েছে।”
বিবৃতিতে সরকারের কাছে বেশ কিছু দাবি ও সুপারিশ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—
>> প্রান্তিক জনগোষ্ঠীর ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করার জন্য নির্বাচন কমিশনের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ আরো সক্রিয় করা এবং জেলা পর্যায়ে অনুরূপ সেল গঠন করে তা কার্যকর করা।
>> ১২ ঘণ্টা পর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিটি জেলা উপজেলার নিরাপত্তা পরিস্থিতি এবং নারী, আদিবাসী ও সংখ্যালঘু ভোটারসহ সকল প্রান্তিক অবস্থানে থাকা ভোটারদের নিরাপত্তাজনিত আশঙ্কা পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া।
>> আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে কোন বিশেষ দলের পক্ষে প্রচার কিংবা অন্য কোনো তৎপরতা চালাতে দেখা মাত্র তা নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের গোচরে আনা এবং তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া।
>> নির্বাচনের পরও যেন কোনো সংখ্যালঘু, আদিবাসী, দলিত এবং বিশেষভাবে প্রান্তিক ও দুর্বল সামাজিক অবস্থানে থাকা নারীরা কোন সহিংসতার শিকার না হন, কারো বাড়িঘর সম্পদ আক্রান্ত বা নষ্ট না হয়, তার পূর্ণ নিশ্চয়তা এখন থেকেই দেওয়া; পাশাপাশি জনমনে আস্থা সৃষ্টির পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া।
বিবৃতিতে মানবাধিকার কর্মী হামিদা হোসেন, অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সুব্রত চৌধুরী, তবারক হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বেলার প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমাইয়া খায়ের, রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীন, সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, লেখক ও গবেষক পাভেল পার্থ, ঈশিতা দস্তিদার, ব্লাস্টের পরিচালক (অ্যাডভোকেসি ও কমিউনিকেশন) মাহবুবা আক্তার, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাইদুর রহমান, আইনজীবী নাহিদ শামস, মানবাধিকার কর্মী সাঈদ আহমেদ, দীপায়ন খীসা ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হানা শামস আহমেদের সই রয়েছে।