১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরখানে সংঘর্ষ: সাবেক কর্নেল জাকিরসহ ২২ আসামির জামিন

উত্তরখানের রাজাবাড়ি এলাকায় রোববার সকালে পোশাক শ্রমিক ও ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 10:03 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুই মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ ২২ জন।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তাদের জামিনের আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর সিদ্দিক। 

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এলাকায় রোববার সকালে নেপচুন এক্সেসরিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক ও ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।

দুপুরে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতিতেই পরিচ্ছন্নতাকর্মীদের ওপর দ্বিতীয় দফা হামলা হয় বলে সিটি করপোরেশনের অভিযোগ। এ সময় পুলিশ গার্মেন্টসের এক কর্মকর্তাকে আটক করতে চাইলে শ্রমিকদের একটি অংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন ওইদিন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজাবাড়ি বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) থেকে ময়লা পরিবহন নিয়ে আপত্তির জেরে দীর্ঘদিন ধরেই কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা হয় এবং কয়েকজন আহত হন।” 

এ ঘটনায় রোববার মামলার পর নেপচুন এক্সেসরিজ লিমিটেডের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ ওই ২২ জনকে গ্রেপ্তার করা হয়। 

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন- মাসুম রহমান, লিটন, চঞ্চল মিয়া, ইসমাইল, রুহুল কুদ্দুছ ওরফে ছাদেক, রায়হান, জুয়েল, শরিফুল ইসলাম, রেজাউল, সিয়ামুজ্জামান সৈকত, আসাদুজ্জামান, সৈয়দ খালেদ মনসুর, মেহেদী হাসান প্রাপ্ত, এইচ এম তারেক রাফি, নাহিদ সরকার, শিমুল মহসীন তালুকদার, লিটন তালুকদার, রাজু চৌধুরী, নূর উদ্দিন সেলিম ও তানভীর।

রোববার সকালের ওই ঘটনায় উত্তরখান থানায় মামলা দুটি হয়। এর মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ডিএনসিসির ঠিকাদারী প্রতিষ্ঠান উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০/৩০০ জনকে আসামি করে মামলা করেন। 

অন্যদিকে পুলিশের উপর হামলা, কাজে বাধার অভিযোগ এনে অপর মামলাটি করেন উত্তরখান থানার এসআই সফিকুল ইসলাম।

সোমবার পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ২২ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার ইন্সপেক্টর ছামিউল হক। আর পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন উত্তরখান থানার এসআই অনুপম দাস।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর সিদ্দিক বলেন, “পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এরপর আসামিদের জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ দেন।”

উত্তরখানের সংঘর্ষ 'ময়লা পরিবহন নিয়ে বিরোধের জেরে'

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, এমপি ও প্রশাসকের ওপর 'হামলার' অভিযোগ