১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অপতথ্যে সতর্ক হোন, সত্যতা যাচাই না করে বিশ্বাস নয়: সিইসি

মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য এবং অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়ানো হচ্ছে, বলেন তিনি।

অপতথ্যে সতর্ক হোন, সত্যতা যাচাই না করে বিশ্বাস নয়: সিইসি
এ এম এম নাসির উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 11:14 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

দেশের ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘অপতথ্যের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

কোনো তথ্য বিশ্বাস করার আগে তা যাচাই করে নিতে বলেছেন তিনি।

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছে।

বৃহস্পতিবার ইসির এই ইউটিউব চ্যানেলে প্রধান নির্বাচন কমিশনার-সিইসির বক্তব্য তুলে ধরা হয়, সেখানে তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। 

সিইসি সতর্ক করে বলেন, মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য এবং অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়ানো হচ্ছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া আচরণ বিধিমালার বিষয়ে অনলাইনে নাগরিকদের মতামত নিয়েছে ইসি; যারা মতামত দিয়েছেন, তাদের অনেকেই আসন্ন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা— এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইসি বলছে, উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে বিধিমালা পরিমার্জন করা হবে।

গেল ১৯ জুন ‘রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা ২০২৫’ চূড়ান্ত করে ইসি। এরপর নাগরিকদের মতামত নিতে ২৯ জুন সেটি প্রকাশ করা হয় ইসির ওয়েবসাইটে। মতামত পাঠানোর সময় ছিল ১০ জুলাই পর্যন্ত।

এরপর ১৯ জুলাই নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছিলেন, “আমরা অনেক ধরনের মতামত পেয়েছি, তার মধ্যে এআই একটা।”

এআই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করুন। যাচাই না করে শেয়ার করবেন না। সত্যতা যাচাই না করে কোনো তথ্য গ্রহণ করবেন না।”

ইসির ইউটিউব চ্যানেলে নির্বাচন কমিশনের যাবতীয় তথ্য নির্ভরযোগ্য, সহজ ও সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এতে থাকবে ভোটার নিবন্ধনের নিয়ম-কানুন, নির্বাচনি সময়সূচি, প্রার্থীদের করণীয়, ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা।

নাসির উদ্দিন বলেন, “নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে যুক্ত করাই কমিশনের অন্যতম লক্ষ্য। আমরা চাই প্রত্যেক নাগরিককে সচেতন করে দেশের গণতন্ত্রায়নে অংশগ্রহণ নিশ্চিত করতে।”

তার মতে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং স্বচ্ছতা অপরিহার্য। 

সিইসি বলেন, “আমাদের সব তথ্যাবলী আমরা গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করবো, যাতে মানুষের আস্থা বৃদ্ধি পায় এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা আরও দৃঢ় হয়।”

অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করতে নির্বাচন কমিশনের তরফে সকলকে আহ্বান জানান নাসির উদ্দিন। 

তিনি বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, যাতে আপনারা আমাদের সঙ্গে একত্রে কাজ করেন, সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করেন যাতে প্রতিটি ভোট ও কণ্ঠস্বরের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়।”

নির্বাচন কমিশনের নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভোটার, প্রার্থী এবং সাধারণ মানুষ সহজেই নির্বাচন সম্পর্কিত সব তথ্য পাবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

“সবাই মিলে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা পেলে আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো,” বলেন তিনি।

আরও পড়ুন:

ভোটে এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ, 'বিশেষজ্ঞ দলগঠনের পরামর্শ