হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু
মোটরসাইকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।
ঢাকার যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই মো. কামরুজ্জামান জানান, লাভলী পরিবহনের একটি বাস রোববার দুপুরে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত পারভিন সুলতানার (৫৫) বাসা সূত্রাপুরের শ্যামবাজারে ৮ নম্বর মোহন দাস লেনের কাগজিটোলায়। তিনি সুপ্রিম কোর্ট বারে তালিকাভুক্ত একজন আইনজীবী।
দুর্ঘটনায় পারভিনের ভাতিজা ও মোটরসাইকেল চালক শাখাওয়াত হোসেন হিমেল (৪০) গুরুতর আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
পারভিনের বড় ভাই ফরিদ উদ্দিন জানান, পারিবারিক জমি সংক্রান্ত একটি মামলার কাজে ভাতিজাকে নিয়ে নারায়ণগঞ্জের আদালতে গিয়েছিলেন পারভিন। সেখান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
আহত শাখাওয়াত বলেন, বাসায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারে উঠার সময় তাদের মোটরসাইকেলকে বাস ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তারা।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পারভিনকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
এসআই কামরুজ্জামান বলেন, লাভলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালকও আটক রয়েছেন। আইনজীবী পারভিনের লাশ মর্গে রাখা হয়েছে।
