Published : 21 Jul 2026, 12:22 PM
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনে সংশোধন আনতে তা পর্যালোচনায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ বৈঠকেই ইউনিয়ন পরিষদের আচরণবিধির প্রস্তাবিত সংশোধনী চূড়ান্ত হতে পারে।
মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, ইসি আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধির সংশোধনীও অনুমোদন করা হতে পারে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ইতোমধ্যে বলেছেন, স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি, ঋণখেলাপি এবং ঋণখেলাপির জামিনদারদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের ১ শতাংশ স্বাক্ষর সংগ্রহের বিদ্যমান শর্ত বাতিলের সুপারিশও রয়েছে।
অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু করার লক্ষ্যে আইন-বিধি চূড়ান্তের কাজ করছে ইসি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। এ লক্ষ্যে ৩১ অগাস্টে ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে, এরপর তফসিল ঘোষণা করা হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ