Published : 28 Jul 2025, 11:27 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’র খসড়া প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা ও নাগরিকদের কাছ থেকে একগুচ্ছ সুপারিশ পেয়েছে নির্বাচন কমিশন।
পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগসহ বেশ কিছু বিষয় এবার আচরণবিধিতে রাখা হয়েছে।
ইসির সঙ্গে ভিন্নমত পোষণ না করলেও ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার রোধে, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে নজরদারি এবং বিধিলঙ্ঘন করলে ব্যবস্থাসহ নতুন কয়েকটি প্রস্তাব এসেছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “এআই ব্যবহারের প্রসঙ্গটি প্রস্তাবিত আচরণবিধিতে না থাকলেও এর অপব্যবহার রোধসহ বেশ কিছু প্রস্তাব দল ও নাগরিকদের কাছ থেকে আমরা পেয়েছি। এসব বিষয় আমরা পর্যালোচনা করছি। আচরণবিধি চূড়ান্ত করার সময় বাছাই করা প্রস্তাব রাখার চেষ্টা করব। কম্পাইল করে সবার প্রস্তাব উপস্থাপনের পর কমিশন সভায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গত শনিবার খুলনায় এক অনুষ্ঠানে বলেন, নির্বাচন ঘিরে নানা ‘ভুয়া তথ্য ও গুজব’ ছড়ানো প্রতিরোধে কমিশন কাজ করছে। নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে প্রযুক্তির অপব্যবহার। যাচাই-বাছাই না করে সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
“এআই একটি বড় চ্যালেঞ্জ। এ প্রযুক্তি ব্যবহার করে হুবহু নকল করা হচ্ছে একজনের বক্তব্য। এজন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে,” বলেন সিইসি।

ভারপ্রাপ্ত প্রধানের ভোটের প্রচারেও হেলিকপ্টার চায় বিএনপি
‘আচরণবিধি মেনে চলব এবং বিধি লঙ্ঘনে শাস্তি মেনে নিতে বাধ্য থাকব’–দল ও প্রার্থীর এরকম অঙ্গীকারনামায় সই করার প্রস্তাবে একমত পোষণ করেছে বিএনপি।
সেই সঙ্গে নির্বাচনের আগে গণমাধ্যমে ইসির আয়োজনে প্রার্থী বা দলীয়ভাবে নির্বাচনী বক্তব্য দেওয়ার সুযোগ চায় দলটি।
২০০৮ সালে নবম সংসদের আগে বিটিভিতে ভোটের আগে কয়েকটি দলকে এমন সুযোগ দেওয়ার নজির রয়েছে।
বিএনপি বলছে, বিদেশে বসে সোশাল মিডিয়ায় ভোটারদের বিভ্রান্ত করতে কোনো কনটেন্ট কেউ ছড়ালে দেশে তার প্রচার বন্ধ করার দায়িত্ব দিতে হবে বিটিআরসিকে।একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ‘অপব্যবহার’ বন্ধ করতে আচরণবিধিতে আলাদা বিধান যুক্ত করতে হবে।
সিটি করপোরেশনে প্রতি ওয়ার্ডে সর্বোচ্চ তিনটি ক্যাম্প করার সুযোগ চায় দলটি। দলীয় প্রধানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত প্রধান, মহাসচিবের জন্য হেলিকপ্টার বা আকাশযানে প্রচার চালানোর সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে তারা।
যেসব সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের ভোটের প্রচারে অংশ নেওয়া মানা, তাদের তালিকায় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সদস্যদেরও রাখার সুপারিশ করেছে বিএনপি।
ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধসহ খসড়া আচরণবিধির প্রতিটি বিষয়ে সঙ্গে একমত পোষণা করে নতুন করে এসব প্রস্তাব যুক্ত করার প্রস্তাব দিয়েছে দলটি।
এআই নিয়ে উদ্বেগে টিআইবি
আচরণ বিধিমালায় যুক্ত করার জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)

গত ৩০ জুন আচরণ বিধিমালার খসড়া প্রকাশ করে এর ওপর মতামত দিতে দশ দিন সময় দিয়েছিল নির্বাচন কমিশন। কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে অন্তত ৪২টি মতামত জমা পড়েছে।
রাজনৈতিক দলগুলার মধ্যে বিএনপি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ রক্ষণশীল দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও সম্মিলিত গণতান্ত্রিক দল মতামত দিয়েছে।
টিআইবি ছাড়াও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) মতামত জমা দিয়েছে। এছাড়া প্রবাসীসহ ব্যক্তিপর্যায়ের অন্তত ২৯ জনের মতামত পাওয়া গেছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধির বিষয়টি আরপিও সংশোধনের সঙ্গে যুক্ত। সে কারণে ইসিকে অপেক্ষা করতে হচ্ছে। আইনের সঙ্গে সমন্বয় রেখে নতুন প্রস্তাব যুক্ত করে খসড়া আচরণবিধিও চূড়ান্ত করবে ইসি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবও গুছিয়ে আনা হয়েছে। কমিশনের অনুমোদন পেলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারের সায় মিললে তা অধ্যাদেশ আকারে জারি হবে।
পুরনো খবর
খসড়া আচরণবিধি: ১০ জুলাইয়ের মধ্যে মতামত চেয়েছে ইসি
নির্বাচনি আচরণবিধি চূড়ান্ত: পোস্টার বাদ, থাকছে টিভি সংলাপের সুযোগ
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধ করে আস্থা অর্জনই চ্যালেঞ্জ: সিইসি
ভোটে এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ, 'বিশেষজ্ঞ দল' গঠনের পরামর্শ
ভোটের প্রস্ততি: আইনশৃঙ্খলা, মাঠ প্রশাসন সমন্বয়ে ইসির ৫ কমিটি