আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় নিরাপদে অবতরণ
“ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। আমাদের প্রকৌশলী টিম তদারকি করছে। এর কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।”
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওড়ার সময় এয়ারক্রাফটের পেছনের চাকা খুলে পড়েছে।
বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটে যাত্রী ছিলেন ৭১ জন। চাকা খুলে পড়লেও শুক্রবার দুপুর ২টা ১৭ মিনিটে উড়োজাহাজটি ‘নিরাপদে’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীরের ভাষ্য।
ড্যাশ-৮ ৪০০ মডেলের উড়োজাহাজটি শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে যাত্রী নিয়ে ছেড়ে এসে ২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়।
উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাইছেন। পাইলটের বার্তা পাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। নিয়ম অনুযায়ী ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখা হয়।
রওশন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাইট চলাকালে চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। আমাদের প্রকৌশলী টিম তদারকি করছে। এর কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।”
বিমানের ফ্লাইট সেইফটি বিভাগ বলছে, পেছনের একটি চাকা ছাড়াও উড়োজাহাজ ল্যান্ড করানো সম্ভব। তবে সেজন্য পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।
