০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

‘আপসহীন সাংবাদিকতার পথিকৃৎ’ তৌফিক খালিদী: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

“তার দীর্ঘ ও বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন এবং অনলাইন গণমাধ্যমের বিকাশে অবদান সাংবাদিক সমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে,” বলা হয়েছে শোকবার্তায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 11:27 PM

Updated : 02 Oct 2026, 11:27 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

শুক্রবার রাতে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সিইউজে নেতারা।

শোক বার্তায় বলা হয়, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী ছিলেন আপসহীন সাংবাদিকতার পথিকৃৎ। তার মৃত্যু দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

“তার দীর্ঘ ও বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন এবং অনলাইন গণমাধ্যমের বিকাশে অবদান সাংবাদিক সমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

সিইউজে নেতারা বার্তায় বলেন, “সাংবাদিকতায় তার আপসহীন মনোভাব তাকে চির স্মরণীয় করে রাখবে। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গন দক্ষ ও পরিচ্ছন্ন এক অভিভাবক হারাল।”

সিইউজে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে মারা যান। বয়স হয়েছিল ৫৯ বছর।

মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়েছিল।