ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
ভূমিকম্পে নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা জানান তিনি।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দেশটির প্রেসিডেন্ট সুবিয়ান্তোর কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী তার এবং দেশের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেছেন, ‘‘৭ দশমিক ৭ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।”
ভূমিকম্পে নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘‘আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দুর্দশাগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি বয়ে আনবে।”
