১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বনানীর সিসা বারে রাব্বি খুনে গ্রেপ্তার ২ ‘প্রধান আসামি’

কুমিল্লার বরুড়া থেকে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

ঢাকার বনানী এলাকায় সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব।

শুক্রবার কুমিল্লার বরুড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।

গ্রেপ্তার মাকসুদুর রহমান হামজা (২৬) ও মুন্না (২৭) ঘটনার দিন রাব্বিকে সিঁড়িতে পথরোধ করেছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে ৩১ বছর বয়সী রাব্বিকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছিলেন।

বনানীর সিসা বারে খুনের ঘটনায় গ্রেপ্তার মাকসুদুর রহমান হামজা ও মুন্না।

বনানীর সিসা বারে খুনের ঘটনায় গ্রেপ্তার মাকসুদুর রহমান হামজা ও মুন্না।

তিনি বলেন, “পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা। ছুরিকাঘাত করা ব্যক্তিরা তার পূর্বপরিচিত বলে ধারণা পুলিশের।

পরদিন শুক্রবার বনানী এলাকা থেকে মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭) নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সেদিনই ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইদিন কুমিল্লা থেকে আরও দুইজন গ্রেপ্তারের ফলে রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হল।

সবশেষ গ্রেপ্তার দুইজনকে রাব্বি হত্যাকাণ্ডের ‘প্রধান আসামি’ হিসেবে তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলছে, ইন্টারনেট ব্যবসায়ী রাব্বি ও তার বন্ধু নুরুল ইসলাম খোকন সেদিন ওই সিসা বারে যান।

সাড়ে ৫টার দিকে ভবনের চতুর্থ তলা থেকে সিড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় মুন্না এবং হামজা ভিকটিম রাব্বির পথরোধ করে দাড়ায়। তখন মুন্নাকে দেখে রাব্বি জানতে চায়, ‘তুই এই সময় এখানে কেন?’

উদ্ধার করা আলামত।

উদ্ধার করা আলামত।

এ কথা বলা মাত্রই রাব্বির সাথে মুন্না ও হামজার তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মুন্না তার পাঞ্জাবীর পকেটে থাকা চাকু বের করে রাব্বিকে ‘উপর্যুপরি’ আঘাত করেন।

র‌্যাব বলছে, গ্রেপ্তার মুন্না ও হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড এলাকা হতে রাব্বি হত্যায় ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

ভিকটিম রাব্বির সঙ্গে মুন্না ও হামজা দীর্ঘদিন ধরেই বনানীর ওই সিসা বারে যেতেন। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে ‘দ্বন্দ্ব’ চলছিল।

বুধবার রাত ১টার দিকে মুন্নাকে সিসা লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলেন রাব্বি। এ ঘটনার পাশাপাশি পূর্বশত্রুতার জেরে ভোরবেলা রাব্বিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানিয়েছে র‌্যাব।

আগের খবর:

বনানীর সিসা বারে রাব্বি হতাকাণ্ডে চারজন কারাগারে

বনানীর সিসা বারে যুবক খুন, দেখা হচ্ছে সিসিটিভি ভিডিও