Published : 15 Aug 2025, 08:00 PM
ঢাকার বনানী এলাকায় সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে খুনের ঘটনায় চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন-মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।
চারজনকে কারাগারে পাঠানোর তথ্য দিয়ে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ চার সন্ধিগ্ধ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে ৩১ বছর বয়সী রাব্বিকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছেন।
তিনি বলেন, “পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা। ছুরিকাঘাত করা ব্যক্তিরা তার পূর্বপরিচিত বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এরমধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে।
পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়।
এ ঘটনায় শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন। পরে এই চারজনকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ।
আগের খবর: