Published : 10 Jul 2026, 12:30 PM
ঢাকার বংশালে মোটরসাইকেল যন্ত্রাংশের একটি গুদামে বিস্ফোরণের পর দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক ব্যক্তি।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মুকিম বাজার এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৩৫) মোটরসাইকেল যন্ত্রাংশের ব্যবসা করতেন। ঘটনার সময় তার মামাতো ভাই নাজমুল হোসেন (৩৩) দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম বলেন, বাইক পার্টস সেন্টার নামের একটি গুদামে এ বিস্ফোরণ ঘটেছে, যার অবস্থান মুকিম বাজারের শিয়া গলির হালিম মটরসের পেছনে।
হামিদুলের ভাষ্য, গুদামে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ হয়। এসময় দেলোয়ার দগ্ধ হওয়ার পাশাপাশি তার মাথায় দেয়াল ভেঙে পড়ে। এসময় নাজমুল গুরুতরভাবে দগ্ধ হন।
তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দেলোয়ারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের শার্শায়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বংশাল থানাকে অবহিত করা হয়েছে।”