Published : 05 Jun 2026, 08:26 PM
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে বাস পড়ে যাওয়ার কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
শুক্রবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।
এদিন সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি বাস। বাসটি মেহেরপুর থেকে ঢাকায় যাচ্ছিল।
নৌপুলিশ বলছে, “পন্টুনে নামার পূর্বেই সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন। যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর, বাসের চালক ও হেলপার গাড়িটি নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করেন। ঠিক তখনই বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
“বাসটি নদীতে পড়ে যাওয়ার সাথে সাথেই ঘাটে কর্তব্যরত নৌ পুলিশের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। তাদের দ্রুত ও সাহসী পদক্ষেপে বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।”

নৌপরিবহন মন্ত্রণালয় বলেছে, এ ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম।
কমিটিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন-বিআইডব্লিউটিসির একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
আর, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় বলেছে, তাদের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা ও সুপারিশ প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি প্রয়োজনে সদস্য গ্রহণ করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারবে।
আরও পড়ুন:
নদীতে পড়া বাসের যাত্রীদের নামানো হয়েছিল আগেই: নৌপুলিশ