১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বইমেলা ডিসেম্বরে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবে?

“এখন পর্যন্ত পুরস্কারের তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি,” বলছেন ডিজি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

একুশে বইমেলা এগিয়ে আনার সঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সময়ও কি এগিয়ে আসবে? 

নির্বাচন আর রোজার কারণে ফেব্রুয়ারির একুশে বইমেলা ডিসেম্বরে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। তবে সেই সিদ্ধান্ত জানানোর সময় পুরস্কার কবে দেওয়া হবে- তা খোলাসা করা হয়নি।

রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারপ্রধান পুরস্কারপ্রাপ্তদের হাতে অর্থমূল্যের চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন।

এবারও কি তাই হবে? জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “পুরস্কার নিয়ম অনুযায়ীই দেওয়া হবে। সেক্ষেত্রে প্রতি বছর বইমেলার উদ্বোধনী দিনে দেওয়ার যে রেওয়াজ প্রচলিত আছে, তা বজায় রাখা হবে বলেই আশা করা যাচ্ছে।

“আর যদি প্রস্তুতি জনিত কারণে পুরস্কার প্রদানে নতুন কোনো তারিখ নির্ধারণ করতে হয়, সেটাও পরে সবাইকে জানানো হবে। এখন পর্যন্ত পুরস্কারের তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬০ সাল থেকে নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে একাডেমি।

এ পুরস্কারের উদ্দেশ্য সম্পর্কে বাংলা একাডেমির ওয়েবসাইটে বলা আছে, “বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।"

বাংলা সাহিত্যের ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩ লাখ টাকা।

আগের খবর

বইমেলা এবার ফেব্রুয়ারির আগেই?

একুশে বইমেলা এগিয়ে এল ডিসেম্বরে