১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বৈধ কাগজপত্র ছাড়া গাড়িতে তেল বিক্রিতে পুলিশের মানা

পাম্পে গাড়ির কাগজ দেখার নির্দেশনাটি তাদের জন্য বিড়ম্বনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন এক পাম্প কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 01:53 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া পাম্প থেকে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের পুলিশ। 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  শুক্রবার পাম্প মালিকদের এ নির্দেশনা দেয়া হয়েছে। 

“আজ (রোববার) থেকে বিষয়টি আমরা প্রচারণা শুরু করেছি।”

তিনি বলেন, “মোটর সাইকেল চালকদের হেলমেট, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকলে অকটেন বিক্রি করতে নিষেধ করা হয়েছে পাম্প মালিকদের। আর অন্য গাড়ির ক্ষেত্রে চালকদের ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি বৈধ কাগজ দেখাতে হবে।” 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দেয়। 

অনেক ক্রেতা প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনতে শুরু করলে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৬ মার্চ থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে সীমা বেঁধে দেয় সরকার।

বিষয়টি নিয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন প্রবল আপত্তি জানায়। পরে রোজার ঈদ সামনে রেখে গত ১৪ মার্চ পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

ঈদের দুই দিন আগে থেকে বন্দরনগরীর বিভিন্ন পাম্পে তেল বিক্রি স্বাভাবিক থাকলেও ২৩ মার্চ থেকে আবার সংকট শুরু হয়। তাতে মোটর সাইকেল চালকরাই ভোগান্তিতে পড়েছেন বেশি।

চট্টগ্রামের বেশিরভাগ পাম্পে এখন নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে চালকদের কাছে। এই পরিস্থিতিতে নতুন নির্দেশনা এল পুলিশের পক্ষ থেকে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট, পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব পাটোয়ারি বলেচেন, দুই দিন আগে পুলিশের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা তারা পেয়েছেন। 

এখন পাম্পে গাড়ির কাগজ দেখার নির্দেশনাটি তাদের জন্য ‘বিড়ম্বনা তৈরি করছে’ বলে মনে করেন বিভিন্ন পাম্প কর্মকর্তারা। 

একাধিক পাম্প কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ির কাগজপত্র তল্লাশি করার দায়িত্ব আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর। কোন কাগজ বৈধ, কোনটা অবৈধ সেটা তাদের বোঝার কথা নয় বলেও জানিয়েছেন তিনি। 

এক পাম্প কর্মকর্তা বলেন, দেশের বিভিন্ন স্থানে তেল না পেয়ে পাম্প কর্মচারিদের ওপর হামলার ঘটনা ঘটছে। একদিকে তেলের জন্য দীর্ঘ লাইন; তার ওপর গাড়ির কাগজপত্র দেখে তেল বিক্রি সেটা অনেক ক্ষেত্রে হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তার। 

চট্টগ্রামের অনেক পেট্রোল পাম্প বন্ধকোথাও দীর্ঘ লাইন -