১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আলিফ হত্যা: ঢাকার আদালতে মিছিলে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান

রাষ্ট্রের কাজে নিয়োজিত সারাদেশে পিপি ও এপিপিদের নিরাপত্তা দেওয়ারও দাবি করা হয় সমাবেশে।

আলিফ হত্যা: ঢাকার আদালতে মিছিলে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান
চট্টগ্রামে সংঘাতে আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকার আদালতে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 06:22 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকায় আদালত অঙ্গনে বিক্ষোভে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আইনজীবীরা। সেই সঙ্গে তারা ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন। 

বুধবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বের হওয়া মিছিলটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঘুরে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়।

সেখানে সমাবেশে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, “সাইফুল হত্যার অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। একইসাথে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাই।” 

ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, “ইসকনের নামে কোন ধরনের অপতৎপরতা জবাব দিতে প্রস্তুত আইনজীবীরা। রাষ্ট্রের কাজে নিয়োজিত সারা দেশে পিপি ও এপিপিদের নিরাপত্তা দেওয়ারও দাবি জানাই।”

ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন সেখানে।

মঙ্গলবার চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানকে ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন।

বেলা সোয়া ১২ টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। ঢিলে আদালত মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার কাচ ভেঙে যায়।

এরপর আদালতের আইনজীবী ও কর্মচারীরা তাদেরকে ধাওয়া করে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেইসবুক পোস্টে জানানো হয়, ‘ভিডিও ফুটেজের মাধ্যমে’ ওই ছয়জনকে শনাক্ত করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

আইনজীবী হত্যা: ভিডিও দেখে ৬ জন আটক

চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষের মধ্যে আইনজীবী নিহত

চট্টগ্রামে সহিংসতার ঘটনায় আটক ৩০

আইনজীবী 'হত্যা': চট্টগ্রামে কড়া নজরদারি, অভিযানে যৌথবাহিনী