নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
"কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলে তারা আন্তরিকতা ও গুরুত্বের সাথে ভোট পরিচালনা করবেন,” বলেন মনির।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে’ সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন কর্মকর্তা সম্মেলন।
সব কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে এ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিইসিওএ) আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।
'নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫' দ্রুততম সময়ে জারি করে 'নির্বাচন কমিশন সার্ভিস' গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান করাসহ তিন দফা দাবি তুলে ধরেছে অ্যাসেসিয়েশন।
সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বিলেন, “অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিশনকে সুপারিশ দেওয়া হয়েছে। কমিশন আমলে নিয়েছে এসব।
“আর নির্বাচন ব্যবস্থা সংষ্কার কমিশনের পক্ষ থেকেও ভালো নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে।
আগামী সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচক কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেবার দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
মনির হোসেন বলেন, "কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলে তারা আন্তরিকতা ও গুরুত্বের সাথে ভোট পরিচালনা করবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে দক্ষ কর্মী বাহিনী রয়েছে।
“... আগামী ২৭ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের সম্মেলনে সব দাবি উপস্থাপন করা হবে। নির্বাচন কমিশনও এ সময় উপস্থিত থাকবেন।”
যত দাবি ইসি কর্মকর্তাদের
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ইসি প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুততম সময়ে জারি করে 'নির্বাচন কমিশন সার্ভিস' গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান; পদসৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ; জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট ন্যস্তকরণ।
