১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চারু মজুমদার রচনাসমগ্র প্রকাশ করবে ঐতিহ্য

নকশাল আন্দোলনের পুরোধা চারু মজুমদার এখন ভারতের অনেক কমিউনিস্টের কাছে আদর্শ।

চারু মজুমদার রচনাসমগ্র প্রকাশ করবে ঐতিহ্য

চারু মজুমদার রচনাসমগ্র’ প্রকাশনার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সম্পাদক মনজুরুল হক এবং ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2022, 01:12 AM

Updated : 11 Nov 2022, 01:12 AM

ভারতের নকশাল আন্দোলনের শীর্ষনেতা চারু মজুমদারের নানা রচনা দিয়ে ৪ খণ্ডে ‘চারু মজুমদার রচনাসমগ্র’ প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’। তা সম্পাদনা করছেন মনজুরুল হক।

বৃহস্পতিবার ঐতিহ্য’র প্রধান কার্যালয়ে ‘চারু মজুমদার রচনাসমগ্র’ প্রকাশনার চুক্তি স্বাক্ষর হয়। সম্পাদক মনজুরুল হক এবং ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম চুক্তিপত্রে সই করেন।

চারু মজমুদারের রচনাবলীর গুরুত্ব তুলে ধরে ঐতিহ্যের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নকশালবাড়ি অভ্যুত্থান শুধু যে ভারতবর্ষের কৃষক শ্রেণিকে উজ্জীবিত করে তাই নয়, এযাবৎকালের ঘুনে ধরা জমিদারি-ফৌজদারি শিল্প সংস্কৃতিকে ছুড়ে ফেলে শিল্পসাহিত্য রচনা করে বদলে দেয় সামন্ত-সমাজের আগপাশতলা।

“ভারতবর্ষের কৃষকগণ চারু মজুমদারের আহ্বানে সাড়া দিয়ে নকশালবাড়ির রক্তস্নাত ভূমি দখল করে এই প্রথম স্বাধীনতার অর্থ খুঁজে পায়। সেই প্রথম তারা হাজার বছরের অত্যাচার নির্যাতনের দাঁতভাঙা জবাব দিতে শেখে।”

ঐতিহ্য প্রকাশিত রচনাবলির মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর (৩০ খণ্ড), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১০ খণ্ড), মানিক বন্দ্যোপাধ্যায় (১০ খণ্ড), জীবনানন্দ দাশ (৬ খণ্ড), শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (৫ খণ্ড), প্রমথ চৌধুরী (৭ খণ্ড), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (৪ খণ্ড), আল মাহমুদ (১৩ খণ্ড), রশীদ করীম (৫ খণ্ড) রচনাবলি এবং সৈয়দ শামসুল হক (৩৫ খণ্ড) রচনাসমগ্র।