Published : 12 Jun 2026, 06:54 PM
সাপ্তাহিক ছুটির দিনের বিকালে রাজধানীতে নামল একনাগাড়ে ঝুম বৃষ্টি।
শুক্রবার বিকাল ৩টা থেকে ঘণ্টা তিনেকের বৃষ্টিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ও জাহাঙ্গীর গেইটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে।
এই সময়ে রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে বৃষ্টিপাত বর্ষার জানান দিচ্ছে।
পঞ্জিকার পাতায় আষাঢ় আসতে দুদিন বাকি থাকলেও ইতোমধ্যে দেশের সর্বত্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার ঘটেছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, “মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ বৃষ্টি হচ্ছে। এখন কোথাও কোথাও স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে ভারি বর্ষণ এখনো শুরু হয়নি। ধীরে ধীরে বর্ষার বৃষ্টি বাড়বে।”
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে।

শনিবারের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি ধরনের বর্ষণও হতে পারে।