Published : 22 Jun 2026, 11:34 PM
দেশে মাদকের বিস্তার ‘প্রতিবেশী রাষ্ট্রের আরোপিত যুদ্ধ’ কি না, সে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বিগত অধিবেশনে বলেছিলেন ঈদের পরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে। আমরা জানতে চাই, কোন ঈদের পরে?”
মাদককে সারাদেশের সমস্যা হিসেবে মন্তব্য করে আব্দুল্লাহ আল আমিনের জিজ্ঞাসা, “আমাদের এ মাদকের সমস্যাটা এক ধরনের তথাকথিত প্রতিবেশী রাষ্ট্রের আরোপিত মাদকের যুদ্ধ কিনা, যেরকম আমরা পড়েছি আফিমের যুদ্ধের সময়। ওই রকম একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ কিনা? আমাদের তরুণ প্রজন্মকে মাদকে বুঁদ করে এই দেশের বাজার দখল করার একটা যুদ্ধ কিনা, এটাও বিবেচনা করার সময় এসেছে।”
মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান না করতে পারলে, তরুণ প্রজন্মকে কাজে না লাগাতে পারলে সরকারের অনেক পরিকল্পনা ভেস্তে যাবে বলেও মনে করেন তিনি।
সংরক্ষিত নারী আসনে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও স্বৈরাচারের বিষদাঁত ভাঙতে দেখা যায়নি। এখনো তাদের সন্ত্রাস চারদিকে জারি রয়েছে। এখনো তারা জোর গলায় হুমকি দেয়। এত এত মানুষ হত্যার জন্য তারা বিন্দুমাত্র অনুতপ্ত নয়। তাদের মোকাবেলায় দেশীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করতে হবে।”
জুলাই অভ্যুত্থানসহ স্বাধীনতাপরবর্তী সব আন্দোলনের স্মৃতি সংরক্ষণে বাজেট বরাদ্দের দাবি তোলেন তিনি।
এদিকে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা পাঠ্যপুস্তকে হাজী শরীয়তউল্লাহ ও তিতুমীরের ইতিহাস ফেরানোর দাবি তুলে বলেন, “যাদের ইতিহাস পড়ে আমাদের মধ্যে দেশপ্রেম এসেছে, তাদের ইতিহাসগুলো যেন আবার আগামী পাঠ্যপুস্তকে ফেরত আনা হয়।”
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সমস্যা সমাধানেরও দাবি জানান তিনি।