১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পদোন্নতিতে ‘অনিয়ম’: সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে দুদক

“আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ মিলেছে,” বলেন দুদকের মহাপরিচালক।

পদোন্নতিতে ‘অনিয়ম’: সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে দুদক
সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 10:55 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

পদোন্নতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার কমিশনের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য দিয়ে বলেন, শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

এ মামলায় শ্রম অধিদপ্তরের ওই সময়ের পরিচালক মিজানুর রহমানের নামও আসামির তালিকায় থাকার কথা বলেন তিনি।

আক্তার হোসেন বলেন, “দুদকের করা মামলার তদন্তে মন্নুজান সুফিয়ান ও মিজানুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ মিলেছে। যথাযথ প্রমাণ পাওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে।”

কমিশনে অনুমোদন দেওয়া অভিযোগপত্রে বলা হয়, মন্নুজান সুফিয়ান ক্ষমতার অপব্যবহার করে শ্রম অধিদপ্তরের উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশ অনুযায়ী মেধা তালিকায় তিন নম্বরে থাকা একজনকে বাদ দিয়ে, ১৬ নম্বরে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দেন।

এতে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি শ্রম অধিদপ্তরে দুটি পদে অনিয়ম করে পদোন্নতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের নামে দুটি পৃথক মামলা করে দুদক।

এর একটিতে তার সঙ্গে পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান এবং অন্যটিতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে আসামি করা হয়।

আরেকটি মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরে সহকারী মহাপরিদর্শক থেকে উপমহাপরিদর্শক পদে পদোন্নতির ক্ষেত্রে ডিপিসির তালিকায় উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে ৪৮ নম্বরে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দেওয়া হয়। 

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদক শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপি ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করে।

এর ধারাবাহিকতায় দুদক সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ‘অনিয়ম’ তদন্তেও নামে। পরে দুদকের আবেদনের ভিত্তিতে ২১ অক্টোবর আদালত চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। 

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন– মন্নুজানের ভাই শাহাবুদ্দিন আহমেদ, ভাইয়ের মেয়ে শামীমা সুলতানা এবং আত্মীয় এ. এম. ইয়াছিন।

সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের বিরুদ্ধে দুদকের ২ মামলা