Published : 18 Jan 2026, 10:57 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সবার অংশগ্রহণে একটা ‘সুন্দর নির্বাচন’ করতে দলগুলোর পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
নির্বাচন ভবনে টানা নয় দিনে ৬৪৫টি আপিলের শুনানিতে অংশ নেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার।
রোববার রাত ৮টার দিক আপিল শুনানি শেষে নির্বাচন ভবনে সিইসি বলেন, “আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারে অনেকেই। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। কারণ হলো, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।
“আমরা চাই, সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।”
এসময় উপস্থিত আপিলকারীরা সিইসিকে সহযোগিতার আশ্বাস দেন।
এএমএম নাসির উদ্দিন বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে যে, পক্ষপাতিত্ব করে আমরা কোনো রায় দিইনি।
“আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করব, ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাব।”
তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি পযন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর চূড়ান্ত হবে কতজন প্রার্থী ভোটে থাকবে।
২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রতীক পাবেন। পরের দিন থেকে শুরু হবে ভোটের প্রচার।
সব মিলিয়ে ৩০০ আসনে ভোট হবে ১২ ফেব্রুয়ারি। একই দিন গণভোটও হবে।
সংসদ নির্বাচন: বাছাইয়ে বাদ পড়া অর্ধেকই স্বতন্ত্র
আট দিনে প্রার্থিতা ফিরল ৩৯৬ জনের
শেষ দিনের আপিল শুনানি করছে ইসি, ভবনের সামনে অবস্থান ছাত্রদলের