Published : 18 Jan 2026, 11:36 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির শেষ দিন রোববার।
এদিন সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়েছে।
শেষ দিনে প্রায় অর্ধশত আপিল আবেদনের শুনানি হবে জানিয়ে ইসি কর্মকর্তারা বলছেন, গেল আট দিনে ৩৯৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন—এমন চারজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ১৮৪২। বাদ পড়াদের মধ্যে ৬৪৫ জন ৫-৯ জানুয়ারি ইসিতে আপিল আবেদন করেন।
ইসির সামনে ছাত্রদল
পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের শ দুয়েক নেতাকর্মী।

এতে নেতৃত্ব দেওয়া ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা তো বললাম যে আজকের মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু, যেটি আমরা লক্ষ্য করলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদদে এই ঘটনাটি ঘটেছে। তো যদিও তারা হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, আমরা অবগত নই।”
ছাত্রদলের ভাষায় ৩ অভিযোগ হচ্ছে—
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দুপুর ১২টায় নির্বাচন ভবনের সামনে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আজকে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করব।”