কড়াইল বস্তি: প্রাণভয়ে ছাড়তে হল ঘর, এক সন্ধ্যার আগুনে ‘সবহারা’ তারা
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে দেড় হাজারের বেশি ঘর পুড়েছে। সোয়া পাঁচ ঘণ্টার আগুনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন পরিবারের শিশু-সন্তানসহ অনেকেই শীতের রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভাবছেন কী করবেন, কোথায় যাবেন।
বারিধারার এক বাসায় গৃহকর্মীর কাজ করেন হোসনে আরা। অন্যের বাসায় কাজ করেই দুই সন্তানসহ জীবন চালিয়ে আসছিলেন স্বামীহারা এই নারী।
তিল তিল করে গত ১৩ বছরে গড়ে তোলা নিজের সংসারে টিভি-ফ্রিজ থেকে ছিল প্রয়োজনীয় সবই, অথচ কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে ছাই হল সব; তার স্বপ্নও যেন পুড়ে গেল এক সন্ধ্যার আগুনে।
আগুনের খবর শুনে সন্তানদের নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিলেন ঘর থেকে। সন্তানদের নিরাপদে রেখে ফেরার কথা মাথায় ছিল। তবে দাউ দাউ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফেরার আর উপায় ছিল না। ততক্ষণে আগুনে জ্বলছিল তার মাথা গোঁজার ঠাঁইটি। দূর থেকে দেখছেন আর আফসোস করছেন।
আগুনের কাছে জড়ো হওয়া ঘর হারানো মানুষের ভিড়ে হোসনে আরা বলেন, “সংসারে যা যা লাগে সমস্ত কিছু ছিল। পোলাপাইন দুইটা লাইয়া বাই হইছি, একটা সুতাও বের করতে পারি নাই।”
এটি শুধু এ স্বাবলম্বী নারী নন, প্রাণভয়ে আগুন থেকে ঘর থেকে বেরিয়ে আসা হাজারো পরিবারের হৃদয়বিদারক গল্প। সোয়া পাঁচ ঘণ্টার আগুনে পোড়া কড়াইল বস্তিবাসীর গল্পটা এমনই।
হোসেনে আরার মত এক কাপড়ে বেরিয়ে আসার পর তাদের আর ফেলে আসা সাজানো গোছানো ঘরে ফেরা হয়নি। কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। শীতের রাতে এখন কী করবেন সেই দুশ্চিন্তা ভর করেছে তাদের মাঝে।
ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া এলাকাতেই ছিল যাদের বসবাস, অথচ চাকচিক্যের সামান্য আড়ালে তাদের জীবনযুদ্ধটাই চিরন্তন। প্রায় কোনো নাগরিক সুবিধা ছাড়াই ‘সর্বস্ব চেষ্টায়’ তিলে তিলে সাজানো ঘর বাধা মানুষগুলোর মুখে এখন শুধুই ‘সব হারানোর’ আক্ষেপ।
মহাখালীর কড়াইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লাগা ভয়াবহ আগুনে সেখানকার প্রায় দেড় হাজার ঘর পুড়ে যাওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
এদিন সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সোয়া পাঁচ ঘণ্টা ধরে চেষ্টার পর রাত ১০ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের খবর দেয় বাহিনীটি।
আগুনে কোনো হতাহতের খবর না এলেও আগুনে পোড়া অংশের প্রায় সবাই 'সবকিছু' পুড়ে যাওয়ার কথা বলেছেন বাসিন্দারা।
তেমনই সব হারিয়ে কাঁদছিলেন হোসনে আরা, কান্না থামিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন, “সবাই চিল্লাচিল্লি করতাছে আগুন লাগছে, আগুন লাগছে, মাঝেমধ্যেই লাগে। আইজ আমারে শেষ কইরা দিয়া গেল। আমি কই থাকমু পোলাপাইনডি লাইয়া?”
তার ছেলে একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে, যার বার্ষিক পরীক্ষা চলছে। আর মেয়েটি পড়ে দ্বিতীয় শ্রেণিতে।
“মেয়েটার কালকে পরীক্ষা, তার একটা বইও নিয়া বাইর হইতে পারি নাই।”
যখন আগুন জ্বলছিল, তখন পুরো এলাকায় নিজেদের ঘরের খবর নিতে উদগ্রীব মানুষজনের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল আইনশঙ্খলা বাহিনী। যারা আগুনের খবর শুনে শুধু বের হয়ে এসেছেন, প্রায় সবাই কেউই কিছু নিয়ে বের হতে না পারার কথাই বলছেন।
মরিয়ম নামে আরেক নারী বলছিলেন, তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। ৫ ছেলে ও এক মেয়ে নিয়ে কড়াইলে তার বছর দশেকের সংসার।
তিনি বলেন, “আগুন লাগার সময় ছোট দুই ছেলে আর আমি আছিলাম। আগুন লাগছে, হুইন্না পোলারা আমার আগেই বাইর হইয়া গেছেগা। আমি কিচ্ছুই বাইর করা পারিনাই।”
পরে যে বাসায় গৃহপরিচারিকার কাজ করেন সেখানে যান মরিয়ম। তাকে কিছু পুরাতন জামা-কাপড় দিয়েছে, যেগুলো সঙ্গে করে নিয়ে আবার বস্তির সামনে চুপচাপ বসে ছিলেন তিনি।
আগুন নেভার পর পোড়া ভিটেতে গিয়ে দেখবেন বলে বসে আছেন, এরপর কী করবেন কোথায় থাকবেন আর জানা নেই।
তার পাশে বসা মমিরনও বলছিলেন, “জীবনডা লইয়া কোনমতে বাইর অইয়া আইছি।”
কিস্তি আর সুদের টাকার চিন্তা, তবুও বেঁচে থাকার স্বস্তি সামিউলের
সদ্য কৈশর পেরুনো সামিউল ইসলাম আকাশ বাবা-মাসহ থাকেন বস্তির একটি ঘরে। বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করা সামিউল সুদে টাকা এনে ও ধার করে মাত্র চার মাস আগে একটি ঘর তুলেছেন। যেটি চোখের সামনে পুড়ে যেতে দেখেছেন তিনি।
তিনি বলেন, “চার মাস হয় ঘর করছিলাম। ফ্রিজ, টিভি কিনছি কিস্তির উপরে। এখন সব ছাই।”
তার মত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের পরিচ্ছন্নতাকর্মী মো. লিটনও সব হারিয়ে ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন। ৫ বছর ধরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসা ঘরটি পুড়ে গেছে। এখন তিনি জানেন না কী করবেন।
তিনি বলেন, “আমার ওয়াইফ একটা বাসায় কাম করে, দুইজন মিল্লা কোনরকম কইরা আস্তে আস্তে ঘরটা গুছাইছিলাম। আইজ আমি আবার রাস্তায় বইসা গেলাম।”
রিপন বলেন, “ফায়ার সার্ভিস বস্তিতে আসার আগেই আগুন ছড়ায়া যায়। আমি তখন দোকানে ছিলাম, দোকান থেকে কোনমতে বের হইয়া বাসায় গেছি। পরিবারের লোকজনরে বাইর করছি। সবাইরে বাইর কইরা আর দোকানে ঢুকতে পারিনাই। আমি এখন সর্ব-শান্ত আমার যা মালামাল আছিল ঘরে ও দোকানে পুড়ে ছাই।”
কেন নিয়ন্ত্রণে দেরি
আগুন নিয়ন্ত্রণের আনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর বলেছেন, “কড়াইলে আমরা প্রত্যেকবছরই আগুনের অভিজ্ঞতা লাভ করি। তারই ধারাবাহিকতায় আজকেও আগুল লেগেছে।”
প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডে ঘটে।
চলতি বছরের ২১ শে ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজনখানেক ঘর। গেল বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে পুড়ে কড়াইল বস্তি।
প্রায় প্রতিবারই অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে; যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়ায়।
এবারও প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সরু রাস্তার কারণে আগুনের উৎপত্তিস্থলে পৌঁছতে ‘বেগ পেতে হয়েছে’ বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাজুলের ভাষ্য, এখানে যে পরিমাণ ঘিঞ্জি এলাকা এবং লোকেলোকারণ্য ছিল। যখন ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছায় তখন আগুনটা ‘ডেভলপ স্টেইজে’ চলে যায়। যার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আনুমানিক ১৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সঠিক ক্ষতির পরিমাণটা বের করা একটু সময়সাপেক্ষ।”
আগুনের উৎপত্তির বিষয়টিও তদন্তের পর নিশ্চিত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন, তবে আমরা এটা তদন্ত সাপেক্ষে এটা বের করতে পারব। এখানে অনেক কিছুই দেখতে পেয়েছি, প্রচুর পরিমাণে তার রয়েছে।
“প্রত্যেকটা বাসাতেই কমবেশি সিলিন্ডার রয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে। তদন্ত করে আমরা বলতে পারব উৎপত্তি কোথায়।”
এই কর্মকর্তা বলেন, “এখানে আসার পরেও গাড়িগুলো ভেতরে ঢুকতে পারছিল না। ছোট ছোট গাড়ি দিয়ে রাস্তাগুলো আটকানো ছিল, যত্রতত্র পার্কিং করা ছিল। তাৎক্ষণিকভাবে সরিয়ে যে আমাদের বড় গাড়িটাকে ঢুকাবো সেই পরিস্থিতি ছিল না। এ কারণে গাড়িগুলো অনেক দূরে রেখে পাইপ দিয়ে ফায়ারের স্পটে কাজ করতে হয়েছে।”
বাধার মুখে পড়েছিল ফায়ার সার্ভিসও
অন্তত ৩৫ মিনিট পর আগুনের স্থলে পৌঁছানোর কারণ হিসেবে ফায়ার সার্ভিস বরাবরের মতই ঢাকার যানজটের কথা বলেছেন। এজন্য প্রথমে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসীন্দাদের তোপের মুখে পড়েন।
কাজ করতে গিয়েও অনেক বাসিন্দা নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে বেপরোয়া আচরণ করায়, ফায়ার সার্ভিসের স্বাভাবিক কাজে ‘বিঘ্ন ঘটেছে’ বলে জানিয়েছেন তারা।
তাজুল বলছিলেন, কেউ পানি ছিটানোর পাইপের মাঝখান দিয়ে কেটে নিজের ঘরের দিকে পানি ছিটাতে পর্যন্ত চেষ্টা চালিয়েছে।
তবে নিজের সম্পদ চোখের সামনে পুড়তে দেখে কারও এমন আচরণ করাটাকে তিনি ‘স্বাভাবিকই’ বলছেন এই কর্মকর্তা।
এরপর কেউ কেউ হেলিকপ্টারে পানি ছিটানোর দাবি জানানো প্রসঙ্গে এই কর্মকর্তার ভাষ্য, এ ধরনের ‘আরবান ফায়ারে’ হেলিকপ্টারে পানি ছিটালে আগুন আরও বেড়ে যেত, যার ফলে নিয়ন্ত্রণ করতে আরও সময় লাগত।
আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় ‘গভীর উদ্বেগ ও সমবেদনা’ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের পাশাপাশি আগুনের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতের দুর্ঘটনা রোধে ‘কার্যকর ব্যবস্থা’ নিতে নির্দেশনা প্রদান করেছেন তিনি।
