Published : 16 Oct 2023, 08:56 PM
রাত পোহালেই দেখা মিলবে হেমন্তের মিষ্টি দিনের, যার আগেই দেশের উত্তরাঞ্চলে কড়া নাড়ছে শীত। এ ঋতুতেই ঢাকায় শীত শীত অনুভূতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আস্তে আস্তে তাপমাত্রা কমবে। উত্তরাঞ্চলে অল্প অল্প ঠান্ডা পড়তে শুরুও করেছে। তবে ওই দিকটায় নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ভালো করে শীত পড়া শুরু করবে।
“আর ঢাকায় শীত পড়বে নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তবে এ বছর শীতের প্রকোপ বেশি থাকবে নাকি কম থাকবে- সেটা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।"
ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় আপাতত বৃষ্টিরও সম্ভাবনা দেখছেন না এই আবহাওয়াবিদ।
তার ভাষ্য, “মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। তাই এখন আর নরমাল, মানে বৃষ্টির সম্ভাবনা নাই। অন্তত আগামী সাত দিন, অর্থাৎ ২৪ তারিখের মধ্যে তো নাইই।
“তবে ২৪ তারিখের পর যদি সাগরে কোনো লঘুচাপ-নিম্নচাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে সামান্য বৃষ্টিপাত হতে পারে।"

আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর-ডিসেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মাঝে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আরহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আর গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে খুলনায়। আর সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২১ ডিগ্রি সেলসিয়াস।