Published : 06 Sep 2026, 05:52 PM
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, সেখানে উপনির্বাচন কবে হবে?
রোববার সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শিগগির ঠাকুরগাঁও উপনির্বাচনের তফসিল দেওয়া হবে।
নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল ২০ অগাস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হন।
পরদিন ২১ অগাস্ট নির্বাচন কমিশন মির্জা ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, “ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ৯০ দিনের মধ্যে করার বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। সেখানে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর প্রস্তুতিও নিচ্ছি। আশা রাখি আমরা যে অল্প কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা করতে পারব।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা ভোটের পরে আদালত বাতিল করেছে।
এ বিষয়ে আদালতের আদেশের কপি কমিশন হাতে না পাওয়ায় পরবর্তী করণীয় এখনও ঠিক করতে পারেনি বলেছেন এ নির্বাচন কমিশনার।
তিনি বলেন, “এটা তো আদালতে বিচারাধীন। বিচারাধীন বিষয়ে তো আপনি-আমি কিছু বলতে পারি না। সিদ্ধান্ত হোক, অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই।”
এদিকে চলতি মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের ধাপভিত্তিক ভোটের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল।
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আরও কিছু প্রস্তুতি রয়েছে, আচরণবিধি ইতোমধ্যে আমরা চূড়ান্ত করেছি।”
আনোয়ারুল ইসলাম বলেন, “দুই-একদিনের ভিতরে গ্যাজেট নোটিফিকেশন হবে।”
ইউনিয়ন পরিষদের নির্বাচনে তফসিল কবে হবে? জানতে চান সাংবাদিকরা।
তিনি বলেন, “ইনশাআল্লাহ এ মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে, সেগুলো শেয়ার করব।”
এ নির্বাচন কমিশনার বলেন, নভেম্বর-ডিসেম্বর মাস, এ দুটি মাস ছাত্র-ছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষকদের জন্য খুব ব্যস্ততার সময়। বিশেষ করে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা তারপরে এসএসসির নির্বাচনি, প্রাক-নির্বাচনি পরীক্ষা রয়েছে।
“এই পরীক্ষাগুলো বিবেচনায় রাখতে হচ্ছে। ভোট কেন্দ্রগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হবেন শিক্ষকরা। এ দুটি যাতে একই সময় না হয় সে বিষয়টি আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে।”
ভোটের দিণক্ষণ নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণার কথা বলেন আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, “সেদিক থেকে আমরা আশা রাখি, এই পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে আমরা নির্বাচনের তারিখ নির্ধারণ করব। যতটুক সম্ভব সেটাকে আমরা ওইভাবে তফসিলে নিয়ে আসব। তবে সুনির্দিষ্টভাবে আমি দিনক্ষণ তারিখ এ মুহূর্তে বলতে পারব না, একটু সময় দিতে হবে। আমরা কাজ করছি। অচিরেই জানানো হবে।”
ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে বলে তুলে ধরেন এ নির্বাচন কমিশার।
আগের খবর:
বছর শেষে ইউপি ভোট দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি