শাহবাগে প্রতীকী বধ্যভূমি
একদল তরুণের এ আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময়ে শহীদ বাংলার সূর্য সন্তানদের, শহীদ বুদ্ধিজীবীদের।
লাল কাপড়ে মুখমণ্ডল ঢাকা প্রতীকী লাশগুলো স্তূপ হয়ে আছে শাহবাগে, আবহ সংগীতে বাঁজছে দেশাত্মবোধক গান।
একদল তরুণ নাট্যকর্মীর শনিবার এই আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময়ে শহীদ বাংলার সূর্য সন্তানদের, শহীদ বুদ্ধিজীবীদের।
বুদ্ধিজীবী দিবসের আগের দিন শাহবাগে এই ‘প্রতীকী বধ্যভূমি’ তৈরি করেছে ‘বাংলাপরিসর’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। প্রদর্শনীটির মাধ্যমে একাত্তরের পাক বাহিনী ও তাদের দোসরদের বর্বরতার চিত্র তুলে ধরা হয়েছে।
বাংলাপরিসরের সম্পাদক দীপান্ত রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সেই বর্বরতার ইতিহাস এই প্রজন্মকে জানাতেই আমরা এই আয়োজনটি করেছি।”
এ আয়োজনে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ, সাংস্কৃতিক সংগঠক বাকি বিল্লাহ, ফেরদৌস আরা রুমি, কবি জব্বার আল নাঈম, কবি ও কথাসাহিত্যিক রাসেল রায়হান, বাংলাপরিসরের সম্পাদক দীপান্ত রায়হান।
