১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন আন্ডার সেক্রেটারির সফর ‘নির্বাচন-কেন্দ্রিক’ নয়: পররাষ্ট্র সচিব

“অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়ত থাকতে পারে নির্বাচন। সেটা আমরা রুল আউট করছি না,” বলেন মাসুদ বিন মোমেন।

মার্কিন আন্ডার সেক্রেটারির সফর ‘নির্বাচন-কেন্দ্রিক’ নয়: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 09:50 PM

Updated : 06 Jul 2023, 09:50 PM

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার আসন্ন বাংলাদেশ সফর ‘নির্বাচন-কেন্দ্রিক নয়’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমেরিকার সাথে আমাদের অনেকগুলো মেকানিজম কাজ করছে এবং যিনি আসছেন উনি তুলনামূলকভাবে সিনিয়র, আমরা বলব। 

“উনার কর্মকাণ্ডের যে এখতিয়ার ও পরিসর আছে, সেটা বেশ ব্যাপক। সুতরাং অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়ত থাকতে পারে নির্বাচন। সেটা আমরা রুল আউট করছি না। কিন্তু এটা যে ইলেকশন-কেন্দ্রিক ভিজিট, এটাও ভাবা ঠিক হবে না।” 

১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফর করবেন উজরা জেয়া। পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌরও থাকবেন প্রতিনিধিদলে। 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল আলম বলেন, “উজরা জেয়ার এই সফর মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার এবং দুই দেশের সরকারের মধ্যকার যোগাযোগ জোরদার করার একটি প্রয়াস। 

“সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলটির।” 

উজরা জেয়া আসার পাঁচ দিন আগে বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকা এসেছেন ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। 

অন্যদিকে, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ এবং পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা দেখতে শনিবার বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধিদল। 

বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠক সামনে রেখে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনে এবং সচিব সৌরভ কুমার। 

ওই বৈঠকে বিমসটেকের কার্যক্রমে বাংলাদেশ ও ভারতের সম্পৃক্ততা এবং উপ-আঞ্চলিক এই জোটের পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। 

বছর শেষ বা পরের বছর শুরুর জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সফরের যোগসূত্র তুলে ধরে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। চলতি মাসে বাংলাদেশের এই তিন গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারের সফরের যোগসূত্রের বিষয়ে পররাষ্ট্র সচিবের কাছে জানতে চান এক সাংবাদিক। 

জবাবে পররাষ্ট্র সচিব বলেন, “এটা বিভিন্ন রকম স্পেকুলেশন আমরা দেখেছি। কিন্তু এগুলা একেবারেই অমূলক।” 

তিনি বলেন, “এটা এই না যে, অর্কেস্ট্রেটেড কোনো ইস্যু। এই ডেটগুলো সব আগেই অর্গানাইজ করা হয়েছে। সুতরাং ভারতের সচিব (পূর্ব) উনি আসলেন, তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আসছেন। 

“এই সিরিজ অব মিটিংসের একটার সাথে আরেকটার সম্পর্কই হয়ত নাই। কিন্তু হয়ত একের পর এক হয়ে যাচ্ছে। একটা সময় হয়ত ৩-৪টা ডেলিগেশন আছে। এর মানেতো এই না যে, এই প্রত্যেকটা ডেলিগেশন তারা আগে থেকে অর্গানাইজ করে বা কো-অর্ডিনেট করে এগুলো করছে। সুতরাং এখানে এত রিড করার কিছু নাই। প্রত্যেকটারই আলাদা ব্যাকগ্রাউন্ড আছে।” 

পররাষ্ট্র সচিব বলেন, “ইউএসের যে প্রতিনিধিদল, তারা এখান থেকে নেপাল যাবেন, উদাহরণস্বরূপ। সুতরাং এগুলা ডেট অনেক আগের থেকে ঠিক করা থাকে বা ওয়ার্কআউট করা থাকে। হয়ত তারা ভারতেরও যাবেন। সুতরাং এই তিনটা-চারটা দেশ একসাথে করে তারা আসে। কেননা, ওইসব জায়গা থেকে আসাও প্রায় ২৪ ঘণ্টার ট্র্যাভেলের ব্যাপার আছে।” 

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সফর নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে জানিয়ে সচিব বলেন, “তাদের মিশনটা মোর ইলেকশন-স্পেসিফিক, এটা সত্যি।… তারা নির্ধারণ করবেন ইলেকশন অবজার্ভার মিশন পাঠাবেন কি, পাঠাবেন না।” 

মার্কিন প্রতিনিধিদলের সফরের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, “যুক্তরাষ্ট্র যে ইলেকশনের জন্য আসছে, এটা আমার তথ্যমত নাই কিছু। এটাও একটা আমাদের যে মেকানিজমগুলো আছে, সেটারই একটা ধারাবাহিকতা। এখানে অনেক ইস্যু আলোচনা হবে। তার মধ্যে ইলেকশনও আসতে পারে। 

“কিন্তু এখানে অন্য অনেক ইস্যুজ আছে, আমরা সবাই জানি। মানবাধিকার ইস্যুজ আছে, রোহিঙ্গা ক্যাম্পে উনি যাবেন, সুতরাং আমেরিকান যে রিসেটেলমেন্ট ইস্যু আছে, সেগুলা সর্ট আউট করার বিষয় আছে। তারপরে লেবার ইস্যুজ আছে, ট্রেড ইস্যুজ আছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল আলম বলেন, “নির্বাচন কমিশনের আমন্ত্রণের প্রেক্ষিতে ইইউর ছয় সদস্যবিশিষ্ট একটি ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা অনুসন্ধানী অগ্রগামী দল আগামী ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর করবে। 

“এ মিশন-এর কাজ হবে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ন করা।” 

Image

এক দিনের সফরে বাংলাদেশে আসা ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনে।

অনুসন্ধানী মিশন বাংলাদেশে অবস্থানকালে সরকারের প্রতিনিধিদের পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছে ঢাকার ইইউ মিশন। 

রফিকুল আলম বলেন, “অনুসন্ধানী মিশন থেকে প্রাপ্ত এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের পূর্বে পূর্ণাঙ্গ নিবার্চন পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।” 

বিমসটেকের পরবর্তী সভাপতি বাংলাদেশ, মহাসচিব ভারত 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে বৈঠকে বিমসটেক সম্পর্কিত বিষয়েই বিভিন্ন আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

তিনি জানান, আগামী ৩০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের পরবর্তী শীর্ষ সম্মেলন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। 

“সেটাকে সামনে রেখে এই মাসের ১৭ তারিখে সম্ভবত বিমসটেক দেশগুলোর ফরেন মিনিস্টার্সদের একটি রিট্রিট হবে। এটা প্রথমবারের মত থাইল্যান্ড আয়োজন করতে যাচ্ছে।” 

পররাষ্ট্র সচিব বলেন, “একদিকে ভারত মহাসচিব পদ নেবে, অন্যদিকে বাংলাদেশ সভাপতিত্ব নেবে, ডিসেম্বরের শুরুর দিকে। সুতরাং আমরা চেষ্টা করব, বিমসটেকের যে প্রক্রিয়া, সেটাকে সামনের দিনগুলোতে আরও কীভাবে বেগবান করা যায়।” 

তিনি বলেন, “তারা বেশ কিছু সহযোগিতার সম্ভাব্য খাত নিয়ে, যেগুলো আলোচনা করতে চাই, সেগুলো তারা আমাদের সাথে শেয়ার করেছে। সেটা সামনে ছিল আজকের এজেন্ডাতে।” 

বাংলাদেশ আর ভারত শীর্ষ সম্মেলনের আয়োজক না হলেও এভাবে সচিব পর্যায়ের বৈঠক করার বিষয়ে এক প্রশ্নে মাসুদ বিন মোমেন বনে, “যেহেতু বাংলাদেশ এটার চেয়ার হতে যাচ্ছে। সুতরাং সামিটে যে সিদ্ধান্তগুলো আসবে, এতে কী কী হবে, সেটা আমাদের ঘাড়েই বর্তাবে, সেগুলি বাস্তবায়ন করা। সুতরাং অবশ্যই আমাদের স্বার্থ আছে। 

“আর ভারত যেহেতু বিমসটেক প্রক্রিয়াটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, সুতরাং তাদেরও স্বার্থ আছে, পরবর্তী চেয়ার কী ভাবছে, সেটা নিয়ে তাদের জানার আগ্রহ আছে। এবং আমরা সবগুলো অগ্রাধিকারে, সমধিক মনোযোগ দিচ্ছি কি-না, তাদের দেখার ব্যাপার আছে।” 

তিনি বলেন, “আরেকটা যেটা বললাম, পরবর্তী মহাসচিব ভারতের হবে। সুতরাং যে কোনো সংগঠনে মহাসচিব যখন নতুন আসে, সে কিন্তু অনেক নতুন আইডিয়া নিয়ে আসে, অনেক কিছু বাস্তবায়ন করতে চায়। সুতরাং মহাসচিবের উদ্যোগগুলো এবং চেয়ার হিসাবে বাংলাদেশের উদ্যোগগুলো, এটার একটা অ্যালাইনমেন্টের বিষয় আছে।”