১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ছিনতাইকারীর হাতে’ সবজি ব্যবসায়ী খুন

“আমরা ধারণা করছি, তিনি ভ্যান নিয়ে সবজি কেনার জন্য আড়তে যাচ্ছিলেন, পথে ছিনতাইকারীর হাতে খুন হন।“

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 02:30 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

রাজধানীতে পাইকারি আড়তে মালামাল কিনতে যাওয়ার পথে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক সবজী ব্যবসায়ী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কদমতলী থানার এসআই হৃদয় কুমার পোদ্দার জানান, বুধবার রাত ৩টার দিকে কদমতলীর মেরাজনগর এলাকা থেকে ৪৮ বছর বয়সী মো. হাশেমের মরদেহ উদ্ধার করা হয়। 

সবজি ব্যবসায়ী হাশেমের বাসা পূর্ব জুরাইন এলাকায়। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার পূর্ব নিশান গোপালপুরে। 

এসআই পোদ্দার বলেন, “মেরাজনগর কাঁচা রাস্তার উপরে তার মরদেহ পড়ে ছিল। আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। হাশেমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম ছিল।

“আমরা ধারণা করছি তিনি ভ্যান নিয়ে সবজি কেনার জন্য আড়তে যাচ্ছিলেন, পথে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন তিনি।“

পুলিশের এই এসআই বলেন, প্রথমে এই ব্যবসায়ীর পরিচয় তারা জানতে পারেননি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহযোগিতায় আঙুলের ছাপ নিয়ে তার নাম পরিচয় বের করা হয়। 

হাশেমের পরিবারকে খবর পাঠান হয়েছে বলে জানিয়েছেন এসআই পোদ্দার।