Published : 24 Nov 2025, 07:30 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সহজ হলেও তা থামানো সহজ বলে মনে করেন না বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে রাষ্ট্রদূত গুজব নিয়ে নিজের এ মত তুলে ধরেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে সরকারের পরিকল্পনা জানতে চান।
উপদেষ্টা তাকে বলেন, "ফ্যাসিস্টের দোসররা দেশে-বিদেশে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। গুজব প্রতিরোধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।"
উপদেষ্টার এরকম বক্তব্যের পর রাষ্ট্রদূত বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সহজ, কিন্তু এটাকে থামানো কঠিন।"
ফ্রান্স দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।
এ বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাকে বলেন, "আমরা সামগ্রিকভাবে ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা বৃদ্ধি করেছি। এক্ষেত্রে সকল দূতাবাসকে সমানভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে।"
রাষ্ট্রদূত সম্প্রতি সংঘটিত ভূমিকম্প সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "বর্তমান সরকার ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, উন্মুক্ত স্থান বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার।"
এসময় উপদেষ্টা উন্নত মানের ফায়ার সরঞ্জাম ও ভূমিকম্পে উদ্ধার তৎপরতার আধুনিক ইকুইপমেন্ট সরবরাহসহ এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে ফ্রান্সের সহযোগিতা চান।
"রাষ্ট্রদূত এ খাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানোর অনুরোধ করেন।"
জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও আগ্রহ দেখান রাষ্ট্রদূত।
উপদেষ্টা তাকে বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।"
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি থাকার কথা বৈঠকে জোর দিয়ে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় রাষ্ট্রদূত বলেন, "নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অভ মিশন ফ্রেডরিক ইনজা বৈঠকে উপস্থিত ছিলেন।