Published : 17 Aug 2026, 09:15 PM
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সুশৃঙ্খল কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখে ফুটপাতের হকার ব্যবস্থাপনার কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেছেন, “মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। কেবল যেসব রাস্তায় প্রশস্ত ফুটপাত রয়েছে সেখানে নাগরিকদের চলাচলের জন্য উন্মুক্ত জায়গা সংরক্ষিত রেখে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত হকার বসানো হবে।”
অবশিষ্ট হকারদের জন্য হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেট চালুর কথা বলেন তিনি।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নগর ভবন অডিটোরিয়ামে হকার ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভায় কথা বলছিলেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, “ঢাকা শহর ও এর নাগরিকদের নাগরিক সুবিধা বহাল রাখতে হলে সুশৃঙ্খল হকার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আমরা যেমন হকারদের জীবিকা বন্ধ করতে চাই না, তেমনি সারাদেশের ভাসমান মানুষকে হকার রূপে ঢাকায় পুনর্বাসন করাও সম্ভব নয়।”
হকার ব্যবস্থাপনা নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা সকলেই হকার সমস্যার একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান চাই।”
সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে হকারদের নিবন্ধন, নিয়মিত নবায়ন এবং নির্ধারিত সড়ক ও সময়ে ব্যবসা পরিচালনার শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে এ সমস্যার টেকসই সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
ঢাকাকে পরিচ্ছন্ন, পথচারীবান্ধব ও যানজটমুক্ত করতে স্থানীয় সরকার বিভাগ ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় এই নীতিমালা এবং এর আওতায় নির্দিষ্ট ফি নির্ধারণ করে পরিপত্রও জারি করেছে।
ডিএসসিসি হকারদের জন্য নিবন্ধন, নবায়ন ও স্থান ব্যবহারের ফিয়ের বিষয়ে বলছে, এককালীন নিবন্ধন ফি ৫ হাজার টাকা, বাৎসরিক নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা এবং মাসিক স্থান ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা ফি মাসিক ৩ হাজার টাকা।
• নিবন্ধন ও বারকোডযুক্ত লাইসেন্স: আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর ও বাংলাদেশের নাগরিক হতে হবে। নিবন্ধিত হকারদের ব্যবসার স্থান ও সময় উল্লেখসহ বারকোড/কিউআর কোডযুক্ত ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।
• হলিডে ও নৈশকালীন মার্কেট: শুধুমাত্র শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত স্থানে (যেমন, সরকারি অফিসের সামনের প্রশস্ত রাস্তা বা শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর) হলিডে মার্কেট পরিচালিত হবে। আর বাণিজ্যিক এলাকায় অফিস সময় শেষে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নৈশকালীন মার্কেট বসবে। তবে মাঠ, উপাসনালয় বা কবরস্থানে কোনো মার্কেট বসানো যাবে না।
স্থান বরাদ্দের ক্ষেত্রে ৩০ শতাংশ জায়গা নারী ও প্রতিবন্ধী হকারদের জন্য সংরক্ষিত থাকবে।
ফুটপাতে পথচারী চলাচলের জন্য ন্যূনতম দেড় মিটার (প্রায় ৫ ফুট) জায়গা উন্মুক্ত রাখা বাধ্যতামূলক এবং কোনো স্থায়ী অবকাঠামো তৈরি করা যাবে না বলেও হকার ব্যবস্থাপনা নীতিমালায় বলা হয়েছে।