Published : 15 Jul 2026, 11:33 PM
সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণের পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় বিনিয়োগ কোটি ১০০ ডলারে উন্নীত করতে আগ্রহী।
এছাড়াও সৌদি আরবের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ আগ্রহের কথা ব্যক্ত করেছে বলে তথ্য দিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস অফিস।
রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস অফিসের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দল বাংলাদেশে বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

সৌদি আরবের পরিবহন ও রসদ পরিসেবা বিষয়ক উপমন্ত্রী রুমাইহ মোহাম্মদ আল রুমাইহের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দেশটির বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, টার্মিনালের সিইও লার্স ভ্যাং এবং ঢাকা সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন আবিয়া।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি এবং এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য সৌদি প্রতিনিধি দলকে ধন্যবাদ দেন তিনি।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, তারা সৌদি আরবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।