১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আজিমপুরে শায়িত হলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

সুপ্রিম জানাজায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বর্তমান এবং সাবেক বিচারপতি, বিপুলসংখ্যক আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আজিমপুরে শায়িত হলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সোমবার সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের জানাজা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 07:55 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং ফার্মগেটের ইন্দিরা রোডে দুই দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে শায়িত হয়েছেন সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ। 

সোমবার সন্ধ্যায় তাকে শায়িত করার বিষয়টি জানিয়েছেন আইনজীবী শফিকুল কবির খান।

এর আগে বেলা ১১টার দিকে ইন্দিরা রোডে নিজ বাসার কাছে ইন্দিরা রোড খেলার মাঠে জানাজা শেষে দুপুরে শফিক আহমেদের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়। সেখানে তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানান সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। 

দুপুর ২টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আরেক দফা জানাজা হয় তার। জানাজায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বর্তমান এবং সাবেক বিচারপতি, বিপুলসংখ্যক আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে শফিক আহমেদের জীবনী তুলে ধরে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, প্রয়াত শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বক্তব্য দেন। 

দীর্ঘদিন অসুস্থ শফিক আহমেদ রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

শফিক আহমেদ ছিলেন ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

দুই দফা জানাজা শেষে আজিমপুরে শায়িত হবেন শফিক আহমেদ 

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের মৃত্যু