১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কড়াইল বস্তির আগুন খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

কড়াইল বস্তির আগুন খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ঢাকার মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 12:55 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার রাতে তার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এদিন সন্ধ্যা ৫টা ২২ মিনিটে ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জ্বলতে থাকা এই আগুন রাত ১০টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আনার তথ্য দেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার।

পরে রাতে বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।