১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

মহিউদ্দিনের বিরুদ্ধে ২ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 08:33 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বুধবার তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিনের বিরুদ্ধে করা মামলায় ১ লাখ ৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আর নূরজাহান বেগমের বিরুদ্ধে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

মহিউদ্দিন ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সমবায় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ব্যাংকটিতে জামানত হিসেবে রাখা গ্রাহকের ৭ হাজার ৩৯৮ ভরি সোনা গায়েবের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল দুদক।

এজাহারে নয় আসামির মধ্যে তিনি ছিলেন এক নম্বরে। তবে অভিযোগপত্র থেকে তার নাম বাদ পড়ে। এক্ষেত্রে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২৯ সেপ্টেম্বর কুমিল্লায় এক অনুষ্ঠানে সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান। এরপর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

উপদেষ্টা সেদিন বলেছিলেন, “সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মহিউদ্দিনের বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তদন্তকালে যদি উদঘাটিত হয় যে তিনি আরও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বা স্বর্ণ গায়েবের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে, তাহলে সেগুলো আমলে নেওয়া হবে।

আরও পড়ুন-

স্বর্ণ আত্মসাৎসমবায় ব্যাংকের চেয়ারম্যানের জামিন

স্বর্ণ আত্মসাতের মামলায় সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার