ঢামেকের ওয়েটিং রুমের সামনে অচেতন পড়ে ছিলেন ভবঘুরে নারী, জরুরি বিভাগে মৃত্যু
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর মাধ্যমে খবর পেয়ে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।”
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে পুলিশের এই সদস্য জানিয়েছেন।
