পদ্মা ব্যাংকে রাখা জলবায়ু তহবিলের অর্থ আদায়ের সুপারিশ সংসদীয় কমিটির
কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে পদ্মা ব্যাংককে হালনাগাদ তথ্য জানাতে হবে বলে সাংবাদিকদের জানান কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
পদ্মা ব্যাংকে এফডিআর করে রাখা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫৩৬ কোটি টাকা আদায়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ ভবনে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে পদ্মা ব্যাংককে হালনাগাদ তথ্য জানাতে হবে বলে সাংবাদিকদের জানান কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
বৈঠক শেষে তিনি বলেন, “উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম আমরা কিছু অর্থ দিয়েছিলাম ফারমার্স ব্যাংকে, পরবর্তীতে সেটা হয়েছে পদ্মা ব্যাংক। আমরা সেটার আপডেট তথ্য চেয়েছি, যা কমিটির পরবর্তী বৈঠকে আসবে।”
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো বাংলাদেশে রাবারকে কৃষিপণ্য হিসেবে ঘোষণার যথাযথ ব্যবস্থা গ্রহণসহ আগামী দশ বছরের মধ্যে জীবনচক্র হারাতে পারে এমন রাবার গাছ এবং সরকারি-বেসরকারি রাবার বাগানের হালনাগাদ তালিকা পরবর্তী সভায় উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে।
এছাড়া বৈঠকে আগামী কপ-২৮ সম্মেলনের আগে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে একটি সম্ভাব্য তালিকা প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের গবেষণা কার্যক্রম জোরদার ও ফলপ্রসূ করতে বাজেট বৃদ্ধি এবং নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রটি সচল না থাকায় মন্ত্রণালয়কে লিজ দিতে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে কমিটি।
