Published : 16 Jan 2024, 04:56 PM
ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী ভুবন চন্দ্র শীল মারা গেছেন।
মাথায় গুলিবিদ্ধ ভুবন পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে তার স্ত্রীর ভাই পলাশ চন্দ্র শীল জানিয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর বিজি প্রেসের কাছে সড়কে এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন পথচারী ভুবন। ঘটনার পরই তাকে পপুলার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে নেওয়া লাইফ সাপোর্টে।
গত শুক্রবার রাতে প্রায় তিন ঘণ্টা ধরে তার মাথায় অস্ত্রোপ্রচারের পর আশার কথা শুনিয়েছিলেন চিকিৎসকরা। তবে এরমধ্যেই রোববার ভুবনের ডেঙ্গু ধরা পড়ে।
তার স্ত্রী রত্না রাণী শীল রোববার বলেছিলেন, “চিকিৎসকরা ভালো কিছু বলতে পারছেন না। তার (ভুবন) প্রেসার, সব কিছু কমে যাচ্ছে। সব খারাপের দিকে।”
পুলিশ বলছে, কারাগারে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমনের সঙ্গে বিরোধের জের ধরে ছয় দিন আগে সন্ত্রাসীরা প্রাইভেট কারে থাকা প্রতিপক্ষ মামুনের উপর হামলা চালাতে গিয়েছিল। সে সময় লক্ষভ্রষ্ট গুলি ভুবনের মাথায় লাগে। মামুন গাড়ি থেকে বেরিয়ে এলে তাকে চাপাতি দিয়ে কোপানো হয়। ভুবনের পাশাপাশি আরিফুল নামে আরেক পথচারী আহত হন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন মগবাজারের পিয়াসী বার থেকে ফেরার পথে তার গাড়িতে হামলা হয়।
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের অধিক সময় জেল খেটে তিন মাস আগে জামিনে বের হন মামুন। মামুন পুলিশকে বলেছেন, গত ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে ইমন তাকে ‘দেখে নেওয়ার' হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় সোমবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)