০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু, শনাক্ত ৯৬

এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৬৭০ শিশু মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 07:32 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। 

এই সময়ে আরো ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৬৭০ শিশু মারা গেছে বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছে। 

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরো ৫৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৪১ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহী বিভাগে ৮৭, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৪৯, বরিশালে ৩৮, ময়মনসিংহে ৫৩, খুলনায় ২৭ এবং রংপুরে আটজন মারা গেছে। 

এছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগেই মারা গেছে ৫৭ জন। এরপর সবচেয়ে বেশি মারা গেছে বরিশালে ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন, আর রাজশাহী ও ময়মনসিংহে দুইজন করে মারা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭৮ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৯৭২ জন রোগী ভর্তি হয়েছে। 

ঢাকা বিভাগে ৪৬০ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬১ জন। আর রাজশাহীতে ৬৩ জনের মধ্যে ৫৯ জন, সিলেটে ৭২ জনের মধ্যে ৬৯ জন, বরিশালে ১৩২ জনের মধ্যে ১৩২ জন, চট্টগ্রামে ২১৬ জনের মধ্যে ২১৬ জন, ময়মনসিংহে ৪৯ জনের মধ্যে ৪৯ জন, খুলনায় ৭২ জনের মধ্যে সবাই এবং রংপুরে ১৪ জনের মধ্যে সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২। আর হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৮৬৯।

দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির সংখ্যা ৭৫ হাজার ১৫৬। তাদের মধ্যে ৭১ হাজার ৩৯৬ জন এর মধ্যে ছাড়া পেয়েছেন।