Published : 14 Jul 2025, 06:23 PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয় দেখিয়ে প্রতারণা চেষ্টা করলে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তা নিতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সকল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, “কিছু প্রতারক মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। তাই কেউ যদি দুদক চেয়ারম্যান, কমিশনার বা অন্য কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে ভয় দেখায় বা টাকা চায়, তাহলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা নিয়ে ব্যবস্থা নিতে হবে।”
দুদকের নাম ভাঙিয়ে প্রতারণার বিষয়টি সরকারের নজরে এসেছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ও এ নিয়ে আলাদা নির্দেশনা দেয়। এসবের ভিত্তিতে এই সার্কুলার জারি করার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, প্রতারকরা ফোনে বা সরাসরি গিয়ে নিজেদের দুদকের লোক বলে পরিচয় দেয়। তারা গ্রেপ্তার, তদন্ত বা মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করে। সাধারণ মানুষ বিষয়টি না বুঝে অনেক সময় তাদের ফাঁদে পড়ে যায়।
বাংলাদেশ ব্যাংক বলছে, এসব প্রতারক চক্রকে থামাতে হলে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগে থেকেই সজাগ থাকতে হবে। কেউ এমন আচরণ করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
জুন মাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ফেইসবুকে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ঘুষ দাবির’ অভিযোগ আসার পর পাঁচজনকে গ্রেপ্তার করে দুদক।