১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি খুন: আদালতে আসামির ‘স্বীকারোক্তি’

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেই থানায় গিয়ে খবর দেন শিপন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 08:44 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

রাজধানীর কাঁঠালবাগানে এক দিন আগে স্ত্রী ও শাশুড়িকে ছুরি মেরে হত্যার কথা ‘স্বীকার করে’ আদালতে জবানবন্দি দিয়েছেন জামাতা হৃদয় ওরফে শিপন।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম জবানবন্দি রেকর্ড করে এ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক সরদার ইব্রাহিম হোসেন সোহেল আসামি শিপনকে আদালতে হাজির করেন। তিনি জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

রোববার কাঁঠালবাগানের একটি বাসায় স্ত্রী ফারজানা আকতার রাত্রি ও শাশুড়ি ফিরোজা বেগমকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেই থানায় গিয়ে খবর দেন শিপন। পরে তাকে আসামি করে মামলা করেন শ্বশুর ফারুক।

মামলায় অভিযোগ করা হয়, পাঁচ বছর আগে শিপন ও রাত্রির বিয়ে হয়। তাদের এক বছরের ছেলে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের কলহ লেগে থাকত।

ভাতিজার বিয়ের অনুষ্ঠান ঘিরে গত ২৪ জুলাই পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরে যান শিপনের শ্বশুর। ৩০ জুলাই বিয়ে বাড়িতে দুই বন্ধুকে নিয়ে যান শিপন। সেখানে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে ৩১ জুলাই চলে আসেন। ১ অগাস্ট তার শ্বশুর সবাইকে নিয়ে ঢাকায় ফেরেন। এরপর শিপনকে তার স্ত্রী বাসায় আসতে বললেও আসেননি। ২ অগাস্ট বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ান শিপন।

এজাহারে বলা হয়, ঝগড়ার একপর্যায়ে রান্নাঘর থেকে সবজি কাটার ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপান শিপন। চিৎকার শুনে শাশুড়ি চলে এলে তাকেও কুপিয়ে হত্যা করেন।

আরও পড়ুন-

স্ত্রী-শাশুড়িকে হত্যার পর সন্তানসহ থানায় গিয়ে নিজেই বলেন 'খুন করছি'