সীমানা পুনর্নির্ধারণ: আপত্তি নিয়ে শুনানি ১২টায়
শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌঁসুলিকে উপস্থিত থাকতে হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি-আপত্তি আবেদনের শুনানি শুরু হবে রোববার।
এদিন বেলা ১২টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার শুনানি করবেন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক বলেন, “শুনানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচন ভবনের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে।”
সীমানা আপত্তি নিয়ে অনেকে ইতোমধ্যে বিক্ষোভ করায় এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চার দিনের শুনানির প্রথম দিনে থাকছে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসন। শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌঁসুলিকে উপস্থিত থাকতে হবে।
বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; আড়াইটা থেকে সাড়ে ৩টা কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪, ৫ এবং চাঁদপুর-২, ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২, ৩ আসনের শুনানি নেওয়া হবে।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি।
১০ অগাস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়।
২৭ অগাস্ট পর্যন্ত শুনানি নিয়ে দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।
